টাঙ্গাইলের মধুপুরে গেল ৬ জুন শনিবার রাতে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে প্রায় কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। মাদক চালানের সাথে গ্রেফতার হয়েছে ৫ কারবারিকে। অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬শ পিচ নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১৪ ময়মনসিংহ। এসময় পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার দেখানো হয়েছে।
র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৬ জুন শনিবার র্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় মধুপুরের জলছত্র (পঁচিশ মাইল) বাজার এলাকায় একটি সিএনজি তল্লাশি করে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হবিগঞ্জ জেলার সেলিম (৩৫) ও নাজমা বেগম (৪৮) এবং মৌলভীবাজার জেলার আনোয়ারা বেগম (৪৭)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৩টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
রাত ৯টায় জলছত্র (পঁচিশ মাইল) বাজারস্থ জামে মসজিদের সামনে “প্রান্তিক সুপার” নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় জয়পুরহাট জেলার মোঃ ইয়াজদুল হক (৪৬) নামের এক ব্যক্তির কাছে থাকা হাত ব্যাগ তল্লাশি করে ৬শ পিচ নেশাজাতীয় বুপ্রেনোরফাইন (Buprenorphine) ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয় বলে জানানো হয়।
অপরদিকে রাত আনুমানিক ১০টার দিকে মধুপুর থানা সংলগ্ন ব্রীজের ওপর “এমডি সুপার” যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে টাঙ্গাইল জেলার প্রান্ত পাল (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার ব্যাগের ভিতর থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
টাঙ্গাইল র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র্যাব-১৪ আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক বলেন, এ ব্যাপারে ৩ টি পৃথক মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের কোর্ট প্রেরন করা হয়েছে।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 




















