ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকায় নিজ বাসা থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পালের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে পরিবারের সদস্যরা তাকে ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, বিজয় পালের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনায় দেখা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষণ্নতা ও মানসিক কষ্টের ইঙ্গিতবাহী কয়েকটি পোস্ট করেছিলেন। এসব পোস্ট নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের কেউ কেউ পারিবারিক সমস্যার সম্ভাবনার কথা বললেও, এ বিষয়ে এখন পর্যন্ত পরিবার কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তাই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন যায়যায়দিনকে জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।”

স্টাফ রিপোর্টার, ফুলপুর 





















