বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ময়মনসিংহ উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ঈশ্বরগঞ্জ উপজেলার হারুন অর রশীদকে আহ্বায়ক এবং নান্দাইলের মো. খায়রুল হাসান (বাপ্পী)কে সদস্যসচিব করা হয়েছে।
গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ৭১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রকাশিত কমিটির প্রথম ২০ সদস্যের তালিকায় আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ১১ জন যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। এছাড়া ছয়জনকে সম্মানিত সদস্য করা হয়েছে। তালিকায় ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, নান্দাইল, গৌরীপুর, ফুলপুর ও ধোবাউড়া উপজেলার নেতাদের রাখা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম
কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক হারুন অর রশীদ বলেন, “স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার।”
মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে ধারণ করে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষের পাশে দাঁড়ানোই হবে সংগঠনের অন্যতম লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 









