ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ(১৩ সেপ্টেম্বর) রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত
গভীর রাতে উপজেলার জাটিয়া ও সরিষা ইউনিয়নে এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর জাটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাটিয়া এলাকায় সালাম ডিলারের বাড়ির সামনে সলিং রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় ১৫ পিস ইয়াবাসহ মো. রোকন মিয়া (২০)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই রাতে রাত ১২টা ৫ মিনিটের দিকে ৩ নম্বর সরিষা ইউনিয়নের ভাদাটি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মাসুদ মিয়ার দুই চালা টিনের ঘরের ভেতর থেকে মো. শামীম (২৮) ও সুমন (২৮)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ ও ২০ পিস করে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুটি ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। উভয় মামলায় গ্রেপ্তারকৃতদের
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের সার্বিক দিকনির্দেশনায় পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। একটি অভিযানে এসআই মুকুল সরকার, এএসআই কাঞ্চন মিয়া এবং অপর অভিযানে এসআই মো. মাজহারুল ইসলাম, এএসআই লিটন সাংমাসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি 



















