নেত্রকোনার মদনে বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাসহ চার নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই স্কুলশিক্ষিকা ও তাঁদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার তিনজনকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্কুলশিক্ষিকা আফরোজা আক্তার স্মৃতি, তাঁর বোন শিক্ষিকা লায়লা আক্তার লাবনী এবং তাঁদের মা মিলন আক্তার।
ঘটনাটি ঘটে রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং এলাকায়। এ ঘটনায় সোমবার রাতে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল বাদী হয়ে মদন থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বাসা ভাড়া নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই শিক্ষিকা আফরোজা আক্তার স্মৃতি ও লায়লা আক্তার লাবনী তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে একটি বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সহকারী শিক্ষিকা হাফসা আক্তারকে মারধর করা হয়।
অভিযোগে বলা হয়, ঘটনার সময় বাসার মালিক ক্যান্সার আক্রান্ত রোকেয়া বেগম ও তাঁর মেয়ে সহকারী শিক্ষিকা নুসরাত জাহান লিজা বাধা দিতে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে রোকেয়া বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে তাঁর একটি হাত ভেঙে যায়। এ ছাড়া মারধর থামাতে এগিয়ে আসা অপর শিক্ষিকা দীনা আক্তারও আহত হন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় বাসায় থাকা নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ২৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যান অভিযুক্তরা।
ভুক্তভোগী শিক্ষিকা নুসরাত জাহান লিজা জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। মায়ের দেখাশোনার জন্য প্রতিদিন বিদ্যালয় ছুটির পর তিনি বাসায় যান। ঘটনার দিন বাসায় ফিরে দেখতে পান, বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে ভাড়াটিয়া শিক্ষিকা হাফসা আক্তারকে মারধর করা হচ্ছে। তিনি ও তাঁর মা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়।
নুসরাত জাহান লিজা আরও জানান, এর আগেও বাসা ভাড়া নিয়ে শিক্ষিকা লায়লা আক্তার লাবনীর সঙ্গে তাঁর বিদ্যালয়ে বাগ্বিতণ্ডা হয়েছিল। পরে প্রধান শিক্ষক ও অন্য সহকারী শিক্ষকদের উপস্থিতিতে লাবনী ক্ষমা চান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, ‘এ ঘটনায় দায়ের করা মামলায় দুই শিক্ষিকা ও তাঁদের মাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’
তবে হামলা ও অর্থ-স্বর্ণালংকার লুটের অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মদন (নেত্রকোনা) প্রতিনিধি 

















