মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় সামাজিক যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার বিকেলে হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের আলিশাহ বাজারে বাগমার গ্ল্যাডিয়েটর ক্লাবের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কাদা মাটিতে ট্রলি দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতা এলাকায় ব্যপক সারা ফেলে এবং দিনব্যাপী এই খেলা হাজার হাজার মানুষ উপভোগ করে ।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আজকের এই ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত আয়োজনের সঙ্গে সম্পৃক্ত বাগমার গ্ল্যাডিয়েটর ক্লাবের সকল সদস্য, আয়োজক, ক্রীড়াপ্রেমী তরুণ এবং উপস্থিত সুধীজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। কাদা মাটিতে ট্রলি দৌড়ের মতো আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি প্রশংসনীয় উদ্যোগ।”
তিনি বলেন, “আজকের আয়োজনের মূল স্লোগান— ‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে খেলায় চল’— আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। তাই তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,” অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসঙ্গ তুলে প্রিন্স বলেন, “একসময় আমাদের গ্রামীণ জনপদ ছিল খেলাধুলার প্রাণকেন্দ্র। বিকেল হলেই মাঠে মাঠে হাডুডু, দড়িয়াবান্ধা, গোল্লাছুট, বল্লাছুট, ফুটবলসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খেলার আসর বসত। পরবর্তীতে ক্রিকেটও গ্রামবাংলার মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নেয়। এসব খেলা শুধু বিনোদনের মাধ্যম ছিল না, বরং সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ প্রতিযোগিতার চর্চার অন্যতম ক্ষেত্র ছিল।”
প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, “মোবাইল ও ইন্টারনেট আমাদের জীবনের অংশ হয়ে গেছে। এর অনেক ইতিবাচক দিক রয়েছে, যা আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু একইসঙ্গে মোবাইলভিত্তিক বিভিন্ন ক্ষতিকর গেম, অনলাইন জুয়া এবং আসক্তিমূলক কার্যক্রম আমাদের যুবসমাজকে বিপথে নিয়ে যাচ্ছে। এসবের বিরুদ্ধে পরিবার, সমাজ এবং তরুণদের নিজেদেরও সচেতন থাকতে হবে।”
তিনি বলেন, “আমরা চাই খেলা ফিরে আসুক মাঠে। যুবসমাজ মাঠে নামুক, খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাক। ফুটবল, ক্রিকেট, হাডুডু, দড়িয়াবান্ধা, গোল্লাছুটের পাশাপাশি আজকের এই ট্রলি দৌড়ের মতো সৃজনশীল আয়োজনও মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম , প্রবীন নেতা আহমদ আলী মাস্টার , ইউনিয়ন বিএনপির আহবায়ক সৈয়দুজ্জামান, সদস্য সচিব হারুন ওর রশীদ , জেলা জাসাস এর সিনিয়র সহ সভাপতি রাব্বী কায়সার আরাফাত বক্তব্য রাখেন ।
খেলা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমোরান সালেহ প্রিন্স ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খেলায় উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন , পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর , উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক এম আর আল আমিন , জেলা ছাত্র দলের সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন , যুবদল নেতা আবু নাসেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নড়াইল ইউনিয়নের কুমুরিয়া এলাকায় অবস্থিত কুমুরিয়া নয়াপাড়া ফয়জুল উলুম কোরানিয়া হাফেজিয়া নূরানিয়া এতিমখানা ও মাদ্রাসার নতুন ভবনের কাজ উদ্বোধন করেন।
সন্ধ্যায় তিনি উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক জয়নাল আবেদীন ফকিরের পঞ্চম মৃত্যুবর্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলেও যোগ দেন।

স্টাফ রিপোর্টার 





















