সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’–পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ার পর দলটির নেতারা বক্তব্য দেন। পরে বিদ্যুৎ ফিরে এলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য শুরু করার কিছুক্ষণ পর সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)। তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর নাহিদ ইসলাম হামলাকে পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করেন এবং বলেন, এ ধরনের হামলায় তাদের কর্মসূচি বন্ধ হবে না।
পরে এনসিপির নেতা-কর্মীরা সাভার মডেল থানায় যান এবং লিখিত অভিযোগ দেওয়ার উদ্যোগ নেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্টাফ রিপোর্টার 





















