নেত্রকোণার কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬-এর ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে একই সময়ে কেন্দুয়া ও আটপাড়ার চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সার্বিক পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দুয়া পৌরসদরের সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে ৮১২ জন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৩ জন, আটপাড়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৭০ জন এবং তেলিগাতী বিএমএইচকে একাডেমি কেন্দ্রে ৫১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। চারটি কেন্দ্রে মোট ২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিব ও হল সুপারসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দায়িত্ব পালন করেন।
সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দুয়া-আটপাড়ার শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় আগ্রহ ও দক্ষতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শিক্ষকমণ্ডলীর সহযোগিতায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের কেন্দুয়া উপজেলা কমিটির আহ্বায়ক সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান এবং আটপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানো এবং শিক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
আব্দুল হাই সেলিম কেন্দুয়া, (নেত্রকোনা) প্রতিনিধি 


















