বিএনপির নেতাকর্মীরা জনগণের জন্য যত বেশি কাজ করবেন, দলের মধ্যে তাদের তত বেশি মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিশালে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “বিএনপি গণমানুষের দল, যার সৃষ্টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ দলের হাল ধরেছেন। আমাদের প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের জনগণের জন্য কাজ করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। জনবান্ধব কর্মসূচি হাতে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। আমাদের প্রিয় নেতাকে দেখে আপনারা অনুসরণ করুন। একজন সাধারণ মানুষের মতো জীবন পরিচালনা করে জনগণের জন্য নিরলস কাজ করা যায়, যা ইতিমধ্যে আমাদের দলীয় প্রধান তারেক রহমান দেখিয়েছেন। আপনারা যত বেশি জনগণের জন্য কাজ করবেন, দলের মধ্যে তত বেশি মূল্যায়িত হবেন। এলাকায় পাড়া-মহল্লায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করুন।”
এর আগে দিবসটি উপলক্ষে ডা. মাহবুবুর রহমান লিটন বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালিটি ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আব্দুল আউয়াল ফরাজী ও আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল ও আব্দুল মতিন প্রমুখ।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 













