বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের ভেতরে-বাহিরে যারাই জনস্বার্থ ও শান্তি-শৃঙ্খলা বিরোধী কাজ করবে তারা কোনোভাবেই ছাড় পাবে না। দলের পরিচয় ব্যবহার করে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের সুযোগ কাউকে দেয়া হবে না। তাদেরকে স্পষ্টভাবে ‘আসসালামু আলাইকুম’ জানানো হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কতিপয়ের রাজনৈতিক নেতা-কর্মীর অনৈতিক কাজের জন্য লক্ষ লক্ষ নেতা-কর্মীর হৃদয়ের রক্তক্ষরণ সহ্য করা হবে না।
শনিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দের দিনব্যাপী যৌথ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদারতাকে দুর্বলতা ভেবে যারা অনৈতিক পথে পা বাড়িয়েছেন তাদের জন্য কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জননিরাপত্তা ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।এ বিষয়ে তারেক রহমান অবিচল ও আপসহীন। এই প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধকারী নেতা-কর্মীদের ক্ষমা করা হবে না।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে গুপ্ত ও নিষিদ্ধরা বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে। বিরোধী পক্ষ বিএনপি’র বিরুদ্ধে তাদের দুরভিসন্ধিমূলক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এমন কোন কাজ করা যাবে না।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি জনগণকে দিতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায়, দেশকে এগিয়ে নিতে চায়। বিএনপি’র রাজনীতি ভোগের নয়, ত্যাগের। নেয়ার নয়, দেয়ার, ব্যক্তিগত স্বার্থের নয়, দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি। বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার এবং দেশকে এগিয়ে নেয়ার রাজনীতি করে। এই আদর্শ ও রাজনীতিকে ধারণ ও অনুসরণ করতে হবে। সেই সঙ্গে তারেক রহমানের অনাড়ম্বর জীবনযাপন, মানবিক রাজনীতি, জনগণের প্রতি দায়বদ্ধতা ও রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত আচরণে প্রতিফলিত করাই বিএনপি’র নেতা-কর্মীদের এই মুহূর্তের দায়িত্ব।
সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিব আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ইউনিয়নের গ্রহণযোগ্য জনপ্রিয় এবং স্বচ্ছ ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিতে কেন্দ্রের নির্দেশনা রয়েছে। ইউনিয়নে একাধিক প্রার্থী রাখা যাবে না। স্থানীয় নেতৃত্বকে নিয়ে সকলের আলোচনার মাধ্যমে একজনকেই সমর্থন দিতে হবে। এ লক্ষ্যে এখন থেকেই উদ্যোগ গ্রহণ করা করতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আলোচনার মাধ্যমে কর্মকা- পরিচালনা করতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় হাই কমান্ডের কঠোর নির্দেশনা ও নজরদারি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ধোবাউড়া বিএনপিতে বিভেদ নয়, ঐক্য চাই; ব্যক্তিকেন্দ্রিকতা নয়, সংগঠন চাই; প্রতিহিংসা নয়, জনসেবা চাই। ঐক্যবদ্ধ বিএনপি, শৃঙ্খলিত বিএনপি, জনবান্ধব বিএনপি-এই লক্ষেই ধোবাউড়া থেকে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
ধোবাউড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় ধোবাউড়ায় জেলা ডাক বাংলো সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, সোলায়মান সরকার, জাকিরুল ইসলাম খোকন, হুমায়ুন কবির, গাজির রহমান, ওয়াহেদ তালুকদারসহ উপজেলা বিএনপি’র সদস্য, ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা আহবায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এদিন দুপুরে তারাকান্দা-ধোবাউড়া সড়কে সম্প্রতি ভেঙ্গে পড়া গোয়াতলা স্টিল ব্রিজ এর পুনঃনির্মাণের চলমান সংস্কার কাজ পরিদর্শনে করেন। এ সময় তিনি দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
হালুয়াঘাট প্রতিনিধি 
















