শ্রদ্ধা নিবেদন, শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে শহীদ সাইফুল চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রাকিবুল হাসান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেনসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুক সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটির তাৎপর্য আরও গভীরভাবে প্রতিফলিত হয়।
শাহ্ নাফিউল্লাহ সৈকত 



















