ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পোস্টার সাঁটানো হয়।
বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন আলম বলেন, ‘ডেঙ্গু একটি জনস্বাস্থ্যঝুঁকি। এডিস মশার বিস্তার রোধে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে চাই।’
যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ও ক্যাম্পাসকে নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। ছাত্রদলের রাজনীতি শুধু স্লোগান-মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়; সংকটে মানুষের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।’
যুগ্ম আহ্বায়ক মো. শামীম রেজা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে শিক্ষার্থীসহ সবাইকে সচেতন ও সক্রিয় হতে হবে। পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে চাই।’
কর্মসূচিতে বাকৃবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার 
























