টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত ও আহতদের সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।
তারা রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার 



















