বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
এর আগে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে বুধবার সকালে নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে।
স্টাফ রিপোর্টার 

















