বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) পৃথকভাবে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বকশীগঞ্জে আনন্দ শোভাযাত্রা
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দুপুরে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্যসচিব তানজির আহমেদ সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ব্যানারে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের কালীবাড়ি রোড থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সরকারি ডিগ্রি কলেজের সামনে দিয়ে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে জুয়েল রানা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক কার্যক্রম তুলে ধরেন। তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুজনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নান্দাইলে র্যালি ও আলোচনা সভা
নান্দাইলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিকেলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্যমতে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর তত্ত্বাবধানে এ কর্মসূচি আয়োজন করা হয়।
র্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, শাকিল মাহমুদ, আবু হুরায়রা ও পৌর যুবদল নেতা আফরাঈম রহমান প্রান্ত।
এ সময় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, রেজাউল করিম ভূঁইয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মণ্ডল, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা যুবদলের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠিত হয়।
গৌরীপুরে শোভাযাত্রা
গৌরীপুরে বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিজয়’৭১ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে।
পরে সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহিদুল ইসলাম মিল্টন, মৎস্য ও পশুবিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল।
কর্মসূচিতে জেলা যুবদলের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লিংকন, সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, সদস্য উসমান গণি তান্না, যুবদল নেতা আব্দুল বাসির সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম তারা, সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
চার উপজেলায় পৃথকভাবে আয়োজিত এসব কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা করা হয়।
ব্রহ্মপুত্র ডেস্ক 


















