ময়মনসিংহের ত্রিশালে ধলা স্কুল অ্যান্ড কলেজ এবং আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আরিফুল হক রনি।
বিতরণ করা চারার মধ্যে ছিল বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ। শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়। চারা বিতরণকালে ধলা স্কুল অ্যান্ড কলেজ এবং ধলা আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মো. আরিফুল হক রনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করা জরুরি। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 


















