ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে (১৮ আগস্ট) মঙ্গলবার দুপুরে তাকে মারধর ও অপমান করা হয়। এর কয়েক ঘণ্টা পরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাঈম।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত নাঈম একই গ্রামের হারুন অর রশিদের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাঈমের মামা আবদুল মান্নান জানান, একই এলাকার জামসেদের ছেলে নিজের মোবাইল ফোন বিক্রি করলেও নাঈমকে চুরির অপবাদ দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে জামসেদ ও তাঁর ভাতিজা হুমায়ুন- নাঈমকে ঘর থেকে টেনে বের করে মারধর করেন। “চুরির অপবাদ দিয়ে মারধর ও অপমানের কারণেই আমার ভাগিনা আত্মহত্যা করেছে।”
নান্দাইল মডেল থানার এসআই হামিদ বলেন, খবর পেয়ে নাঈমের তার নিজ ঘরের বাঁশের দড়নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাঈমের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একই এলাকার কারও সঙ্গে তাঁর ঝগড়া হওয়ার কথা জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 


















