ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, অসংখ্য মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে পশ্চিমবঙ্গকে একটি ‘কারাগারে’ পরিণত করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মমতা বলেন, ‘কত হাজার মামলা হয়েছে মানুষের নামে, সবাই জেলে। পশ্চিমবঙ্গকে একটা কারাগারে পরিণত করেছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মা-মাটি-মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় ও নেতাজির বাংলা?’
তিনি অভিযোগ করেন, রাজ্যে বিজেপির ‘গেরুয়াকরণ’ চলছে। তার ভাষায়, ক্ষমতায় এসে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু গেরুয়াকরণ করা হচ্ছে। এ সময় তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না করে বলেন, যারা আজ অন্যদের চোর বলছেন, তারাও একসময় তৃণমূল সরকারের অংশ ছিলেন।
বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মমতা বলেন, বিজেপির বিধায়কেরা প্রশাসনিক কর্মকর্তাদের কার্যালয়ে বসে অর্থ লেনদেনের পরিবেশ তৈরি করছেন। তার দাবি, অর্থ আদায়ের জন্য টাকার বান্ডিল গোনা হচ্ছে, অথচ তারাই অন্যদের মাফিয়া বলে অভিযোগ করছেন।
নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী বলেন, বিভিন্ন ঘটনায় ভুক্তভোগীরা বিচার পাচ্ছেন না। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশ দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, নেতাজি সম্প্রীতির প্রতীক ছিলেন। তার নেতৃত্বাধীন বাহিনীতে সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করেছেন এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় ছিল। বর্তমান পরিস্থিতিতে সেই মূল্যবোধ থেকে দেশ সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক 





















