বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা।
এতে শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েবসহ বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফিক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণার মাধ্যমে বাকৃবির শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ছাত্র-জনতার ওপর গণহত্যার অভিযোগে অভিযুক্ত এই সংগঠনের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। তাই ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো সাংগঠনিক কার্যক্রম মেনে নেওয়া হবে না।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েব বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা তাদের প্রতিহত করেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আমরা ও আমার সহযোদ্ধারা রক্তাক্ত হয়েছে। এই হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। ক্যাম্পাসে সন্ত্রাস বা অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ছাত্রদল তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে সোমবার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বাকৃবি শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইমরান সিদ্দিকী প্রান্তকে সভাপতি, মো. মুইন নাদিম আল মুন্নাকে সাধারণ সম্পাদক, মাহফুজ হক অভিকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তামিম মাহমুদ আকাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া চারজনকে সহসভাপতি পদে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।
স্টাফ রিপোর্টার 



















