নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে শুক্রবার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় আসছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তাঁর পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া এলাকায়।
দুই প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিভিন্ন পথসভা এবং হাওরাঞ্চলে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে দুই প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর পোনা মাছ অবমুক্ত করবেন। এরপর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন তারা। পরে মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ট্রলারঘাট এলাকায় পথসভা ও পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সবশেষে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশে রওনা হবেন।
মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, ‘ভাটি বাংলার সিংহপুরুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাঁদের বরণ করে নিতে হাওরাঞ্চলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
তিনি আরও বলেন, ‘দুই প্রতিমন্ত্রীর আগমনে হাওরাঞ্চলের মৎস্যজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে বলে আমরা প্রত্যাশা করছি। একই সঙ্গে মোহনগঞ্জ থেকে আটপাড়া, মদন ও কেন্দুয়া হয়ে আঠারোবাড়ী পর্যন্ত রেললাইন নির্মাণের দাবি হাওরবাসীর পক্ষ থেকে জানাচ্ছি।’

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 





















