বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি; বরাবরই সংবিধান সংশোধনের কথা বলে এসেছে। একই সঙ্গে তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা বিএনপির অঙ্গীকার। দলটি কখনো বলেনি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। নির্বাচনী অঙ্গীকার ও জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়ন করা হবে।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের পক্ষে। জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সংসদে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে, তবে দলটি সংবিধান সংস্কারের কথা কখনো বলেনি।
জুলাই সনদের বিভিন্ন প্রস্তাব নিয়ে তিনি বলেন, উচ্চকক্ষ গঠন, আনুপাতিক প্রতিনিধিত্ব ও গণভোটসংক্রান্ত কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো ঐকমত্য হয়নি। এসব প্রস্তাব দলের সম্মতি ছাড়াই সংস্কার কমিশন সনদে অন্তর্ভুক্ত করেছে।
তিনি আরও বলেন, যেসব বিষয়ে বিএনপি একমত ছিল না, সেগুলো তাদের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জুলাই সনদের প্রতি বিএনপির অঙ্গীকারে কোনো ঘাটতি নেই। অতীতে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুর মতো বড় সংস্কার বিএনপির উদ্যোগেই বাস্তবায়িত হয়েছিল।
বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করার এ ধরনের অপচেষ্টা সফল হবে না। কেউ কেউ জুলাই সনদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন, তবে জনগণ সবকিছু বুঝতে সক্ষম।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জুলাইকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে দেখতে চায় না বিএনপি। এটি দীর্ঘ প্রায় ১৮-১৯ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা আন্দোলনের চূড়ান্ত পরিণতি। এ আন্দোলনে দলের লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
স্মরণসভায় প্রফেসর এমাজউদ্দিন আহমেদের অবদান স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত গণতন্ত্রবাদী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও দেশপ্রেমিক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তিনি সবসময় নৈতিক শক্তি ও দিকনির্দেশনা দিয়েছেন।
শেষে তিনি প্রফেসর এমাজউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার 























