ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, সরকার প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের দিকে গুরুত্ব দিচ্ছে। জনগুরুত্বের কথা বিবেচনা করে বিমানবন্দর, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই ফ্রি করে দেওয়া হয়েছে। এক সময় টেলিটকের সিম নিত লাইন দিতে হতো। বর্তমানে আমরা বেসরকারি কোম্পানি গুলোর মতো প্রতিযোগিতা করতে পারছিনা। টেলিটককে এগিয়ে নিতে ইনভেস্টমেন্ট দরকার। গ্রামীণ বাংলালিংকের মতো বিনিয়োগ করতে পারছিনা। টেলিটককে এগিয়ে নিতে ৬ হাজার টাকার বিনিয়োগ করা দরকার। আমরা টেলিটককে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।
মন্ত্রী বলেন , বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। সরকারের পক্ষে লেখার কোন প্রয়োজন নেই। কিন্তু বস্তুনিষ্ঠভাবে স্বচ্ছতার সাথে সংবাদ তুলে ধরলে কাজের উৎসাহ বেড়ে যায়। আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বৃদ্ধি পেলে যারা বিভিন্ন দায়িত্বে আছি তারা সংশোধন হতে পারি। কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করা যায়।
৩১ মে রোববার বিকেলে টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাংবাদিক এস এম শহীদ প্রমুখ। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 









