ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের খরস্রোতা পাহাড়ি গুমুরিয়া (দালদাম) নদীর তীব্র ভাঙন থেকে শতবর্ষের ঐতিহ্যবাহী ডুমনিকুড়া আদিবাসী গ্রামকে রক্ষার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কারিতাসের সিএমএলআরপি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমএলআরপি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি পাস্টার নিবেশ রিছিল। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী শাহরিয়া হাসান শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমনিকুড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রণালী রেমা ও সাংবাদিক নাঈম আহমেদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গ্রামবাসী সভায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস হালুয়াঘাট উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসাম।
সভায় জানানো হয়, গ্রামটির পাশ দিয়ে প্রবাহিত খরস্রোতা পাহাড়ি গুমুরিয়া (দালদাম) নদীর অব্যাহত ভাঙনে প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০ মানুষের বসবাসের এই আদিবাসী গ্রামটি চরম ঝুঁকির মুখে পড়েছে।
বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর ভয়াবহ ভাঙনের কারণে গ্রামের বসতভিটা, কৃষিজমি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় স্থাপনা হুমকির মুখে পড়ে। দ্রুত কার্যকর নদীশাসন ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হলে ঐতিহ্যবাহী এই আদিবাসী গ্রামটি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা আরও বলেন, ডুমনিকুড়া শুধু একটি গ্রাম নয়, এটি এলাকার আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই গ্রামটি রক্ষায় অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ, নদীশাসন প্রকল্প বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সরকারি বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান।
এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সভা শেষে ডুমনিকুড়া আদিবাসী গ্রামকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
হালুয়াঘাট প্রতিনিধি 



















