জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের অর্থের কাছে এনসিপি বিক্রি হবে না এবং দল টেন্ডারবাজি বা দখলদারির রাজনীতি করবে না। জনগণের শক্তির ওপর ভর করেই নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শনিবার (১৯ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না। জনগণের শক্তির ওপর ভর করেই নতুন বাংলাদেশ গড়তে চাই।”
তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের মধ্যে নতুন আশা ও আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল। তবে সংস্কার, বিচার ও রাষ্ট্র পরিবর্তনের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়িত হয়নি এবং এ ক্ষেত্রে বিএনপি ব্যর্থ হয়েছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি সংস্কার, রাষ্ট্র পরিবর্তন, আওয়ামী লীগের বিচার, ১ হাজার ৪০০ হত্যাকাণ্ডের বিচার, আজাদির স্বপ্নপুরুষ ওসমান হাদী, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে বিচারের অপেক্ষায় থাকা মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বরং বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার জন্য থানায় তদবির করতে দেখা গেছে বলে অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আগামী দিনের আন্দোলন হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে। যারা ছাত্র-জনতার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং ডা. আব্দুল আহাদ এবং ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন।
পথসভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্টাফ রিপোর্টার 






















