ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আকাশপথ বন্ধ থাকায় সৌদি আরবে আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইরানিদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, ইরানে ইসরায়েলের হামলার পর ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি এবং আকাশপথ বন্ধ থাকার বিষয়টি বাদশাহ সালমানের দৃষ্টিগোচর হয়। এরপর আজ যুবরাজ মোহাম্মদ বিন সালমান হাজিদের সহায়তার একটি পরিকল্পনা উপস্থাপন করলে, বাদশাহ তাতে অনুমোদন দেন এবং দ্রুত কার্যকর করার নির্দেশ দেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় নিশ্চিত করবে, ইরানি হাজিরা যেন নিরাপদ, সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যে সৌদি আরবে অবস্থান করতে পারেন।
প্রতি বছরই বিপুলসংখ্যক ইরানি মুসল্লি হজ পালনে সৌদি আরবে যান। চলতি বছর হজে অংশ নিয়েছেন ১৬ লাখের বেশি মুসল্লি, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ছিলেন ইরানি। হজ আনুষ্ঠানিকভাবে শেষ হয় সোমবার (১০ জুন)। তবে এর ঠিক পরই ইসরায়েলের হামলার জবাবে ইরান তাদের আকাশপথ বন্ধ করে দিলে বহু ইরানি হাজি সৌদি আরব থেকে নিজ দেশে ফিরতে পারছেন না।
সৌদি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, যতদিন না ইরানে স্বাভাবিক অবস্থা ফিরে আসে এবং আকাশপথ চালু হয়, ততদিন হাজিদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
























