পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্ত অতিক্রমের চেষ্টা চালানো ৩০ জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, নিহতরা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী জেলা উত্তর ওয়াজিরিস্তানে। গত সপ্তাহেই একই অঞ্চলে আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানের ১৬ সেনা নিহত হয়, যার দায় স্বীকার করে টিটিপির একটি উপদল।
সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে। তবে নিহতদের পরিচয় কিংবা অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনার পর এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, “আমরা দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে ইসলামাবাদের দাবি, পাকিস্তানে সহিংসতা উসকে দিচ্ছে ভারত। তবে দিল্লি এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে এবং সাম্প্রতিক অভিযানের ব্যাপারেও এখনও কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা ও জঙ্গি হামলা বেড়েছে।























