জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা, সুবর্ণখালী ও ঝিনাই নদীসহ বিভিন্ন নদীতে নৌভ্রমণের নামে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। সন্ধ্যা নামার পর নদীতে আলোকসজ্জিত নৌকায় উচ্চস্বরে গান-বাজনা, অশালীন নৃত্য ও মাদক সেবনের আসর বসে বলে অভিযোগ স্থানীয়দের। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলায় বিভিন্ন এলাকা থেকে সাধারণ পর্যটকদের মতো নৌকা ভাড়া করে অনেকে নদীভ্রমণে বের হন। এসব নৌকা সরিষাবাড়ী হয়ে ভূঞাপুর ও সিরাজগঞ্জের চায়না বাঁধ এলাকায় যায়। তবে সন্ধ্যার পর কিছু নৌকায় উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ রয়েছে। নদীপথের নির্জনতা ও পর্যাপ্ত নজরদারির অভাবে এসব কর্মকাণ্ড চলে বলেও স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় বাসিন্দা আজাহার আলী, মোতালেব মিয়া, মোজাফফর আলী, আলামিনসহ কয়েকজন অভিযোগ করেন, নৌভ্রমণের ঐতিহ্যবাহী বিনোদন এখন কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সন্ধ্যার পর নদীতীরবর্তী এলাকায় পরিবার নিয়ে চলাচল করাও অনেকের জন্য অস্বস্তিকর হয়ে পড়ে।
নদীতীরবর্তী এলাকার কয়েকজন নারী অভিযোগ করে বলেন, নদীতে গোসল করার সময় কিছু নৌকা থেকে তাদের উদ্দেশে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করা হয়। এতে তারা নিরাপত্তাহীনতা ও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছেন।
স্থানীয় সচেতন নাগরিকরা নদীপথে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও পুলিশের নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নদীকেন্দ্রিক সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনারও দাবি জানান তারা।
এ বিষয়ে জামালপুর বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিদিন অভিযান চালানো সম্ভব হয় না। তবে কেউ সুনির্দিষ্ট অভিযোগ ও স্থানের তথ্য দিলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
মোস্তাক আহমেদ মনির 









