ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্যাসিনো মামলার এজাহারভুক্ত আসামি মো. সিরাজুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, সিরাজুল অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং এজেন্ট হিসেবে কাজ করেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়েছে।
আজ( ১৮ অক্টোবর) বিকাল ৪ টার দিকে গ্রেপ্তার সিরাজুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার
দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিরাজুল ইসলাম ধামদী এলাকার বাসিন্দা। তিনি মৃত হাবিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ধামদী এলাকা থেকে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।
জনশ্রুতি রয়েছে, গ্রেপ্তার সিরাজুল অনলাইন জুয়া’ক্যাসিনো সম্রাট’। তার রয়েছে নামে বেনামে অনেক সম্পদ। তাঁর ফাঁদে অনেক নিরীহ মানুষ অনলাইন জুয়ায় ঝুঁকে সর্বস্ব হারিয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, সিরাজুল ক্যাসিনো মামলার এজাহারভুক্ত আসামি। তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং এজেন্ট হিসেবে কাজ করেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের মুদ্রিত কপি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, অনলাইন জুয়া, মাদক ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি 


















