“খেলার মাঠ বন্ধ কেন? প্রশাসন জবাব চাই” – এ স্লোগানে বিক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের খেলার মাঠ জনসাধারণের জন্য উন্মুক্তকরণ এবং কলেজকে ঘিরে ছড়ানো মিথ্যা ও বানোয়াট অপবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রথম গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কলেজের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের খেলার মাঠ সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ব্যবহার হয়ে আসছে। অথচ বর্তমানে তা বন্ধ করে দেওয়ায় তরুণ সমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা মাঠ পুনরায় উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় বক্তারা আরও উল্লেখ করেন, কলেজের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীসহ এলাকাবাসীর দাবি মেনে মাঠ খুলে দেওয়াই হবে যৌক্তিক সমাধান।






















