জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে সানন্দবাড়ী বাজারে মাদ্রাসার গভর্নিং বডির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যক্ষ ইসমাইল হোসেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সহসভাপতি আরজান আলী, ইউপি সদস্য বাবুল আক্তার ও ইউপি সদস্য রফিকুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নামে মোট ৯৪ শতাংশ জমি রেকর্ডভুক্ত রয়েছে। এর একটি অংশ বর্তমানে মাদ্রাসার দখলে থাকলেও অবশিষ্ট জমির কিছু অংশ দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখলে রয়েছে। জমি উদ্ধারের উদ্যোগ নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলেও তারা দাবি করেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে রাখার কোনো সুযোগ নেই। মাদ্রাসার সম্পত্তি রক্ষা করা শুধু পরিচালনা পর্ষদের দায়িত্ব নয়, এটি এলাকার সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। অবৈধ দখলদারদের কবল থেকে মাদ্রাসার জমি উদ্ধার এবং মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করে বলেন, সরকারি রেকর্ডভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি দখলমুক্ত করে প্রকৃত কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটবে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 


















