জামালপুরের বকশীগঞ্জে বাজার ব্যবসায়ী সমিতি গঠনে বাঁধা দেওয়া ও অতিরিক্ত খাজনা আদায়ের নামে হয়রানির প্রতিবাদে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।
রোববার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজারে ওই ধর্মঘট পালিত হয়।
পরে বাজারের ইজারাদার খোরশেদ আলমের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
মানববন্ধনে বাজারের ব্যবসায়ী আবদুল আলীম, আলী আকবর সহ অন্যান্যরা বলেন , সরকারি তফসিলভুক্ত কামালের বার্ত্তী বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন ইজারাদার খোরশেদ আলম। শুধু খাজনা নিয়েই নয় নানা অজুহাতে ব্যবসায়ীদের ওপর অত্যাচার নির্যাতন করে আসছেন তিনি। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।
শনিবার রাতে বাজার ব্যবসায়ী সমিতি গঠনের জন্য বাজারে সকল ব্যবসায়ী একত্রিত হই। কিন্তু বাজারের ইজারাদার খোরশেদ আলম বাজার ব্যবসায়ী সমিতি গঠনে বাঁধা প্রদান করেন এবং কয়েকজনকে মারধর করেন।
এক পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়া পন্ড হয়ে যায়। এরই প্রতিবাদে রোববার সকাল থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন। পরে খোরশেদ আলমের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। মানববন্ধনে ক্ষুব্ধ ব্যবসায়ীরা খোরশেদ আলমকে গ্রেপ্তারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 



















