দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাইযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এখনও পড়াশোনা করছেন, তারা মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাবেন। প্রয়োজনীয় সহযোগিতায় সরকার সবসময় পাশে থাকবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে গৌরীপুর উপজেলা পরিষদ পাবলিক হলে গেজেটেড জুলাইযোদ্ধাগণ আয়োজিত ‘জুলাইয়ের গৌরীপুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “জুলাই একটি চেতনা। এই চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জুলাইযোদ্ধা এবং এখনও শিক্ষাজীবনে রয়েছেন, তারা লেখাপড়ায় মনোযোগ দিন। যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমি এবং আমার সরকার আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, “প্রত্যেক শহীদ জুলাইযোদ্ধার বাড়ির সামনের রাস্তার নামকরণ করা হবে এবং সেখানে স্মৃতিফলক নির্মাণ করা হবে। আপনারা যেসব সমস্যার কথা জানিয়েছেন, সেগুলো আমরা শুনেছি। আরও কোনো সমস্যা থাকলে লিখিতভাবে জানাবেন, সমাধানের চেষ্টা করা হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জুলাইযোদ্ধা মনিরুজ্জামান মানিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুলাই শহীদ যোবায়ের আহমেদের বাবা মো. আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের বাবা মো. বাবুল মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মো. শামছুল হক (ভিপি শামছু), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ ও শাহজাহান কবীর হীরা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, আহত জুলাইযোদ্ধা মোশাররফ হোসেন এবং অ্যাডভোকেট রাইসুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার 



















