ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই। এ জন্য বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকায় পানি জমতে দেওয়া যাবে না।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরগঞ্জে র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। কর্মসূচির শুরুতে সকাল ৯ টায় মাননীয় প্রধানমন্ত্রী আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সংশ্লিষ্টরা। উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় ইউএনও সানজিদা রহমান বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু স্বাস্থ্য বিভাগ কিংবা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান,পৌর সচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি 



















