দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী দলীয় নেতা লি জে-মিয়ং। দেশটিতে কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংকটের প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভোটারদের বিপুল সমর্থনে লি জয়ী হয়েছেন।
দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক শাসন জারির বিতর্কিত উদ্যোগের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পার্লামেন্টের অভিশংসনের মাধ্যমে ইউনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলার মুখোমুখি।
এমন উত্তাল প্রেক্ষাপটে দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অভ্যন্তরীণ বিভাজন নিরসন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইস্যুতে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তির পুনর্বিন্যাসের মাধ্যমে শুল্ক হ্রাস করাও তার এজেন্ডার অন্যতম অংশ।
এই নির্বাচনে লির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রার্থী কিম মুন-সু, যিনি সাবেক প্রেসিডেন্ট ইউনের মন্ত্রিসভায় ছিলেন। ভোটের প্রাথমিক ফলাফল দেখে কিম ভোরে নিজের পরাজয় স্বীকার করেন এবং লিকে অভিনন্দন জানান।
৬১ বছর বয়সী লি জে-মিয়ং তিন বছর আগে খুব অল্প ব্যবধানে ইউন সুক ইওলের কাছে হেরে গিয়েছিলেন। তাই এবারের বিজয় তার জন্য একটি তাৎপর্যপূর্ণ প্রত্যাবর্তন। নির্বাচনের পর লি জানান, তার প্রধান লক্ষ্য হবে “দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার”।
















