জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন পাথরেরচর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাথরেরচর সীমান্তের ১০৭৭ নম্বর পিলারের কাছে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করেন। উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে, বুধবার দিবাগত রাতে দাঁতভাঙা বিওপির সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, দুটি ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 


















