কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা এবং ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তিনি অভিযোগ করেছেন, বিজেপি রাজনৈতিক স্বার্থে এই হামলাকে ব্যবহার করে যুদ্ধ পরিস্থিতির নাটক সাজাচ্ছে।
শনিবার হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের ভিত্তিতে কীর্তি আজাদ বলেন, গোয়েন্দা বিভাগের ব্যর্থতার সুযোগ নিয়ে জঙ্গিরা দেশে প্রবেশ করছে, অথচ সরকার তা উপেক্ষা করে জনগণের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, “বিজেপি একদিকে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সরব, অন্যদিকে দেশের অভ্যন্তরে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, আর তারাই যুদ্ধের পরিবেশ সৃষ্টি করছে।”
সরকারের কর্মকাণ্ডকে কটাক্ষ করে কীর্তি আজাদ বলেন, “বিজেপি শুধু ‘টাই টাই ফিস ফিস, ঠনঠন গোপাল’ খেলছে।” তার ভাষ্য অনুযায়ী, মোদি সরকারের জাতীয় নিরাপত্তা নীতি ও সীমান্ত পরিস্থিতি ব্যবহারের রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত জরুরি।
























