ময়মনসিংহের নান্দাইলে মো. কাজল মিয়ার বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার রাত ২টার দিকে উপজেলার মুশুল্লি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৩১ আগস্ট) নান্দাইল মডেল থানায় ভুক্তভোগী কাজল মিয়া লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নান্দাইল মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মুশুল্লি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে মো. কাজল মিয়ার বসতঘরে, পূর্ব শত্রুতার জেরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিবেশী মৃত সাহেদ মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৫), মো. আলাল মিয়া (৬০), আলাল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (৩০), মো. শান্ত মিয়া (২০), স্বপন মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২৫) সহ অজ্ঞাতনামা আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে ভাঙচুর চালায়।
এ সময় ঘরে থাকা ফ্রিজ (৪০,০০০ টাকা), দুই ভরি স্বর্ণালংকার (৪,৪০,০০০ টাকা), একটি খাট (২০,০০০ টাকা) এবং ড্রয়ার থেকে নগদ ১,২০,০০০ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও অভিযুক্তরা মো. কাজল মিয়ার মা বেদেনা আক্তারকে খুনের হুমকি দেয়।
ভুক্তভোগী মো. কাজল মিয়া বলেন, আমার সম্পত্তি দখলের জন্য কিশোরগঞ্জ থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে বাড়িঘর ভাঙচুর করে সব লুট করে নিয়ে গেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত মো. সুজন মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের কেউ বক্তব্য দিতে রাজী হয়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার (নান্দাইল) 









