ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পরকীয়ার জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক ফিসারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগবেড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে সোমবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন ফিসারি ব্যবসায়ী মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০)। তিনি উপজেলার বাগবেড় গ্রামের মো. মোজাম্মেলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে উপজেলার সুমপাড়া মড়লবাড়ি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন মোবাইল ফোনে মোফাচ্ছেলকে তার ফিসারির পাড়ে ডেকে নেন। সেখানে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্বজনরা উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
মোফাচ্ছেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে একদল লোক তোফাজ্জলের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, তোফাজ্জলের স্ত্রীর সঙ্গে তার ভগ্নিপতির পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে তোফাজ্জল ভগ্নিপতিকে বাড়ি থেকে বের করে দেন। তবে ওই ভগ্নিপতির সঙ্গে নিহত মোফাচ্ছেলের ব্যবসায়িক সম্পর্ক থাকায় ক্ষোভের জেরে তোফাজ্জল তাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্ত তোফাজ্জলকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
স্টাফ রিপোর্টার 




















