সারোয়ার জাহান রাজিব, স্টাফ রিপোর্ট, নান্দাইল : “প্রয়োজনে বিমান টিকিট কেটে দেব, তবুও শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে হবে”— এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আজ শনিবার বিকালে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। নান্দাইল পৌর এলাকার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে দুপুরের পর থেকেই ঢল নামে নেতা-কর্মীদের। উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ব্যানার ও ফেস্টুনসহ বিশাল বিশাল মিছিল নিয়ে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে এসে জড়ো হন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বিদেশে পালিয়ে না থেকে সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন। প্রয়োজনে তাঁর আসার জন্য বিমানের টিকিটের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের আগামী দিনের লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামূল কাদির, যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম ফকির এবং সদস্য সচিব কামরুজ্জামান মনির।
এছাড়া উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, পৌর বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, শাহজাহান ফকির, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, শাকিল মাহমুদ ও আবু হুরায়রাসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, নান্দাইল 



















