মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে গত ১৫ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে, যা আগামী ২৯ মার্চ পুনরায় শুরু হবে। ছুটির কারণে হলের আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও শাখা ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা স্বাধীনতা দিবসের এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে শাখা ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের জন্য এক ঐতিহাসিক দিন। বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমানে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ক্যাম্পাস ও হলগুলো প্রায় জনশূন্য থাকলেও, স্বাধীনতার চেতনা আমাদের হৃদয়ে সবসময় জাগ্রত। সেই দায়বদ্ধতা থেকেই আমরা আজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। বাকৃবি ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।’
স্টাফ রিপোর্টার 



















