বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ২৯ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক তানজিন চৌধুরী লিলি।
গত ১৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ ও ধারা ১৪(৩)-এর ক্ষমতাবলে চেয়ারম্যানের অনুমোদনে গঠিত এ কমিটিকে আদেশ জারির তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্না।
কমিটির সদস্য হিসেবে তানজিন চৌধুরী লিলির পাশাপাশি আরও কয়েকজন ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় স্থান পেয়েছেন।
সদস্য মনোনীত হওয়ায় তানজিন চৌধুরী লিলিকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, লিলি দেশের নারী ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রতিক্রিয়ায় তানজিন চৌধুরী লিলি বলেন, “নতুন অ্যাডহক কমিটির সদস্য হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার মূল লক্ষ্য থাকবে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা। পাশাপাশি ময়মনসিংহের কলসিন্দুরের নারী ফুটবলারসহ জেলার ক্রীড়াবিদদের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

শামীম খান, গৌরীপুর প্রতিনিধি 






















