ভারতের কেন্দ্রীয় সরকার দেশজুড়ে একযোগে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করেছে। বুধবার (৭ মে) দেশটির সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই মহড়া চলছে, যার নেতৃত্ব দিচ্ছে সিভিল ডিফেন্স বিভাগ।
এই মহড়ার মাধ্যমে সাধারণ মানুষকে যুদ্ধকালীন সময়ে করণীয় সম্পর্কে সচেতন করা হচ্ছে। যুদ্ধ শুরু হলে শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষকেও প্রস্তুত থাকতে হবে—এই বার্তা পৌঁছে দিতেই এমন উদ্যোগ।
ভারতের স্বরাষ্ট্র সচিব গোভিন্দ মোহনের নেতৃত্বে মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠকে মহড়ার বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়। নির্দেশ অনুযায়ী, দেশের ২৪৪টি জেলার শহর ও গ্রামীণ এলাকাজুড়ে একযোগে এই মহড়া চলছে।
মহড়ায় স্বেচ্ছাসেবক দল গঠন করে সাধারণ মানুষকে নির্দেশনা দেওয়া হচ্ছে কীভাবে সাইরেনের শব্দ শুনলে প্রতিক্রিয়া জানাতে হবে, আলো নিভিয়ে ‘ব্ল্যাক আউট’ পরিস্থিতিতে কীভাবে নিরাপদে থাকতে হবে, আগুন লাগলে তা কীভাবে নেভাতে হবে এবং উদ্ধার কাজ কীভাবে পরিচালিত হবে।
বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নির্ধারিত তারিখের আগেই বিভিন্ন এলাকায় মহড়া শুরু হয়েছে। কোথাও আগুন নেভানোর সরঞ্জাম পরীক্ষা করা হচ্ছে, কোথাও উদ্ধারকারীরা সাধারণ নাগরিকদের সরিয়ে নিচ্ছে, আবার কোথাও বিমান হামলার সতর্ক সাইরেনে শিক্ষার্থীদের সুরক্ষায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


























