ভারত যেকোনো সামরিক আগ্রাসনের দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় স্বার্থে পাকিস্তান সর্বদা প্রস্তুত এবং এর জন্য কোনো দ্বিধা নেই।
বৃহস্পতিবার (১ মে) পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক’ নামের একটি সামরিক মহড়া পরিদর্শনে এ কথা বলেন জেনারেল মুনির।
তিনি বলেন, “ভারতের সামরিক দুঃসাহসের কঠোর, দ্রুত ও শক্তিশালী জবাব দেওয়া হবে। আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রস্তুতি ও সংকল্প অটুট।”
এদিকে, এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, “পাকিস্তান কখনোই আগ্রাসন শুরু করবে না। কিন্তু যদি ভারত যুদ্ধ শুরু করে, তাহলে জবাব হবে অত্যন্ত কঠোর।” তিনি আরও বলেন, “বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানালেও, প্রয়োজন হলে পাকিস্তান শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।”

























