পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (এনএসএ) মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার রাতে পাকিস্তানের একাধিক স্থানে হামলার ঘটনার পর এই উচ্চ পর্যায়ের সংযোগের তথ্য সামনে এলো। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের বরাতে এ তথ্য জানা গেছে।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দারকে জিজ্ঞেস করা হয়— সাম্প্রতিক অভিযানের পর এনএসএ পর্যায়ে কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি জানান, ‘হ্যাঁ, উভয়ের মধ্যে যোগাযোগ হয়েছে।’
তবে ওই আলোচনা কী নিয়ে হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডন।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের এনএসএ পদে রয়েছেন অজিত ডোভাল।


























