নেত্রকোনার মদন পৌর শহরের কেন্দ্রীয় বাজারের মেইন রোড ও মগড়া সেতু এলাকায় একই দিনে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা নিয়ে গেছে চোরের দল।
রোববার ভোরে আল-মদিনা সুপার মার্কেটের ভাই ভাই ফার্নিচার ও ক্রোকারিজ এবং মগড়া সেতুর পাশে রেনু মিয়ার মাছ ও পোল্ট্রি খাদ্যের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো ব্যবসা শেষে দোকান বন্ধ করে চলে যান মালিকরা। এরপর ভোরে কোনো এক সময় চোর চক্রের সদস্যরা দুটি দোকানের সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
রোববার সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে এসে মালিকরা সাটারের তালা ভাঙা এবং দোকানের ভেতরে ক্যাশ বাক্স ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। একই দিনে পাশাপাশি এলাকায় দুটি দোকানে একই কায়দায় চুরির খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।
ভাই ভাই ফার্নিচার ও ক্রোকারিজের মালিক রুবেল মিয়া বলেন, ‘শনিবার প্রতিদিনের মতো ব্যবসা শেষে দোকান বন্ধ করে চলে যাই। সকালে দোকান খুলতে এসে দেখি তালা খোলা। আমরা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে তিনজনকে দেখা গেছে। তবে এখনো তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।’
তিনি আরও জানান, এ ঘটনায় মদন থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে অভিযোগ দেওয়া হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, রাতে পর্যাপ্ত নৈশপ্রহরী ও প্রশাসনিক নজরদারি না থাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার, চুরি যাওয়া টাকা উদ্ধারের পাশাপাশি বাজার এলাকায় রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মদন (নেত্রকোনা) প্রতিনিধি 























