বিএনপির নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে স্মরণকালের সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সরকারের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ গ্রামের পূজামণ্ডপে বিজয়া দশমীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপির নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে স্মরণকালের সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপে জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হওয়ায় আমরা সন্তুষ্ট। এটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ইতিবাচক ফল।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তদারকি ও নির্দেশনা এবং মাঠপর্যায়ে সরকারি প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় এবারের দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
প্রিন্স আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যে উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতেও অক্ষুণ্ণ রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
এর আগে নিজ গ্রামের পূজামণ্ডপে বিজয়া দশমীর আনন্দ উৎসবে অংশ নেন বিএনপির এই নেতা। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরে বুধবার সন্ধ্যায় হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশানঘাটে উপস্থিত হয়ে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম তদারকি করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করেন।
হালুয়াঘাট প্রতিনিধি 



















