ভারতের মিজোরাম রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সক্রিয় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ/এফ) সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টার অভিযোগ রয়েছে।
শনিবার (৩ মে) রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে মিজোরামের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয় বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
গোপন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২ মে চারজন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় আইজলে প্রবেশ করেন—এমন গোয়েন্দা তথ্য ছিল ভারতীয় প্রশাসনের কাছে। আটক হওয়া দুজনের নাম চেকুন এবং সারন হলেও বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।
তারা কেএনএ/এফ প্রধান ও কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) প্রতিষ্ঠাতা নাথান লনচেও বমের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছিলেন বলে দাবি করা হয়। বর্তমানে আত্মগোপনে থাকা নাথান বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের একজন আলোচিত বিদ্রোহী নেতা।
এছাড়া ওই চার মার্কিন নাগরিকের মিজোরামের লংত্লাই জেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থানরত বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনাও ছিল বলে জানা গেছে।
























