যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ভবনের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে বন্দুকধারী নিজেও হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশের ধারণা, হামলাকারী ব্যক্তি লিওন কাউন্টি শেরিফের একজন ডেপুটির ছেলে এবং সে তার মায়ের অস্ত্র ব্যবহার করে এ হামলা চালিয়েছে। লিওন কাউন্টির শেরিফ ওয়ালটের ম্যাকনেইল জানান, ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ করা হয়েছে।
২০ বছর বয়সী সন্দেহভাজন ফনিক্স ইনকার ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় পুলিশ কর্মকর্তা জ্যাসন ট্রামবোয়ার জানান, নিহত দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
গুলির ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে হেফাজতে নেয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রায় ৪২ হাজার শিক্ষার্থী অবস্থান করছিলেন, এবং তাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।


























