সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি ও বাংলাদেশ বিমানের কর্মকর্তারা অংশ নেন।
সভায় নিহতদের মরদেহ দ্রুত শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা এবং স্বজনদের প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মরদেহ শনাক্তের ব্যবস্থা করবে। শনাক্তকরণ শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি ব্যবস্থাপনায় ও খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নিহত ১৬ জনের প্রত্যেক পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এ ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সরকার। কঠিন এই সময়ে পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে সরকার।
আন্তর্জাতিক ডেস্ক 


















