হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফুল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সবজি চাষ, উন্নত জাতের বীজ নির্বাচন, মাটির গুণাগুণ ও উর্বরতা সংরক্ষণ, জৈব ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা, নিরাপদ সবজি উৎপাদন এবং সঠিক সেচ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সুদক্ষ ফুল উৎপাদনকারী ফুল চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।
এছাড়া উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন ও লাভবান হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত সবজি উৎপাদনে উৎসাহিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের মূল উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুন উদ্যেক্তাগন বানিজ্যিক ভাবে ফুলচাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবে।পাশাপাশি সবজিচাষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীগন অর্গানিক ও স্বাস্থ্যকর সবজি আবাদ করতে পারবে যা তাদের নিজেদের পরিবার ও প্রয়োজনের অতিরিক্ত বাজারজাত করে অর্থভাবে স্বাবলম্বী হতে পারবে বলে মনে করি।বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রশিক্ষণ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।উপজেলা প্রশাসন সর্বদাই জনস্বার্থে ও জনকল্যানে কাজ করতে সচেষ্ট রয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
হালুয়াঘাট প্রতিনিধি 



















